রাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে অষ্টমীর দিনে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া ভবানী মন্দির পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতির বার্তা দেন।
এসময় তিনি বলেন, আমরা ভোটের জন্য আসিনি, আমরা এসেছি সম্প্রীতির বার্তা নিয়ে। এনসিপির পক্ষ থেকে আমরা আপনাদের দোয়া নিতে এসেছি। বাঙালির ঐতিহ্যে হিন্দু-মুসলমান সবসময় একসাথে থেকেছে, একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক দল বিভিন্নভাবে এই সম্পর্কের মধ্যে বিভেদ তৈরি করেছে। হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ ফ্যাসিস্টভাবে ব্যবহার করেছে। আমরা চাই না কোন দল সেই একই ভুল করুক। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি পৌর শহরের বিভিন্ন মন্দিরে ঘুরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকার, জাতীয় যুবশক্তির সিরাজগঞ্জ জেলার মুখ্য সংগঠক মেহেদী হাসান, উল্লাপাড়া শাখার সাবেক ছাত্র সমন্বয়ক মাছুম আনাম, ইয়াছিন তালুকদার রহিত প্রমুখ।