২৩ সেপ্টেম্বর, ২০২৫

হাসিনা পতনের পর মুক্তিযোদ্ধাদের জমি দখল

হাসিনা পতনের পর মুক্তিযোদ্ধাদের জমি দখল

শেখ হাসিনা পতনের পর মুক্তিযোদ্ধাদের তিনটি পুকুর (রিজার্ভ ট্যাংক) জমি দখল করেছেন গুরুদাসপুরের বিএনপি নেতাকর্মীরা। জমি উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তার দারস্থ হয়েছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধাদের আবেদনের প্রেক্ষিতে বেদখল জমি উদ্ধারে উদ্দ্যেগ নিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধাদের নিয়ে দখল হওয়া জমি পরিদর্শন করেছেন তিনি।  এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলামসহ অন্তত ২৫ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণনাড়িবাড়ি এলাকায় দখল হওয়া ওই জমির অবস্থান।

গুরুদাসপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দুদু বলেন, ৪০ বছরের বেশি সময় তারা ওই পুকুরগুলো সরকারের কাছ লিজ নিয়ে ভোগ দখল করছিলেন। কিন্তু গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের বিএনপির একটা পক্ষ সেগুলো দখলে নেন। বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের কাছে অভিযোগ দিয়েও কোনো ফল হয়নি। থানায় অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাননি। বাধ্য হয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

মুক্তিযোদ্ধা আশরাফ আলী বলেন, স্বাধীনতার পর পানি সংরক্ষণের জন্য তারাই খনন করেছিলেন। এরপর সরকারের কাছ থেকে লিজ নিয়ে কখনো মাছ চাষ কখনো ইজারা দিয়েছেন। কিন্তু সরকার পতনের স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীরা পুকুর তিনটি দখল  করেছেন। তারা দ্রুত পুকুরগুলো উদ্ধারের দাবি জানান।

সরেজমিনে পুকুর দেখিয়ে অন্তত দশজন মুক্তিযোদ্ধা অভিযোগ করেন, এই জল করের সঙ্গে মুক্তিযুদ্ধাদের আবেগ অনুভূতি এবং আর্থিক বিষয় জড়িত। অথচ দক্ষিণনাড়িবাড়ি এলাকার বিএনপির এক পক্ষের নেতাকর্মীরা তাদের জলাশয়ও দখল করেছেন। তারা ইউএনও'র কাছে প্রতিকার দাবি করেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন। দ্রুত মুক্তিযোদ্ধাদের জমি উদ্ধার করে দেয়া হবে।