২২ সেপ্টেম্বর, ২০২৫

সাঁথিয়ায় ভূমি অফিসের ভিতরে ঢুকে হামলা করলেন বিএনপি নেতাকর্মীরা

সাঁথিয়ায় ভূমি অফিসের ভিতরে ঢুকে হামলা করলেন বিএনপি নেতাকর্মীরা

পাবনার সাঁথিয়ায় দুর্নীতিবাজ পরিছন্নতাকর্মী (ঝাড়ুদার) এর বিরুদ্ধে মানববন্ধন করায় সোমবার ২২ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে বিএনপি নেতাকর্মীরা  উপজেলা ভুমি অফিসের ভিতরে ঢুকে মারধর করেছে মানববন্ধনকারীদেরকে।

জানা যায়, উপজেলার নাগডেমরা ইউনিয়ন ভূমি অফিসের পরিছন্নতাকর্মী (ঝাড়ুদার) তারেকের বিরুদ্ধে বিভিন্ন অফিসে দুর্নীতির লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। সোমবার ২২ সেপ্টেম্বর অভিযোগের শুনানি ছিলো উপজেলা ভূমি অফিসে। এলাকাবাসী উপজেলা ভূমি অফিসের সামনে দুর্নীতিবাজ পরিছন্নতাকর্মীর বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ান।

মানববন্ধনে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই পরিছন্নতাকর্মী (ঝাড়ুদার) তারেক, নাগডেমরা ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ফকরুল ইসলাম তাদের নেতাকর্মীদের নিয়ে মানববন্ধনকারীদের উপর হামলা চালায়। হামলার একপর্যায়ে মানববন্ধনকারী সোহেল রানা উপজেলা ভূমি অফিসের ভিতরে আশ্রয় নেয়।

তারা ভূমি অফিসের ভিতরে ঢুকেই সোহেল রানাকে বেদম মারপিট করে। সোহেল রানা ছোট পাথাইলহাট গ্রামের  মৃত নুরুজ্জামানের ছেলে। সোহেল রানা সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

হাসপাতালের বেডে শুয়ে থাকা সোহেল রানা বলেন,  আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পরিছন্নতাকর্মী তারেক  এবং সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিনের বাহিনী নাগডেমরা ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ফকরুল ইসলাম তাদের নেতাকর্মী নিয়ে ভূমি অফিসের ভিতরে গিয়ে আমাকে মারধর করেছে। আপনারা ভূমি অফিসের সিসিটিভি ফুটেজ দেখলেই সব সত্যতা পেয়ে যাবেন।

নাগডেমরার কয়েকজন সাধারণ মানুষ বলেন, এই পরিছন্নতাকর্মী তারেক ৫ আগষ্ট, ২৪ সালের আগে ফ্যাসিস্টের দোষরদের সাথে মিলেমিশে লাখ লাখ টাকা অবৈধভাবে ইনকাম করেছে। সে এখন আবার বিএনপি নেতাকর্মীদের টাকা দিয়ে কিনে নিয়েছে। এই জন্য বিএনপি নেতাকর্মীরা দুর্নীতিবাজ পরিছন্নতাকর্মী তারেকের পক্ষ নিয়ে মানববন্ধনকারীদের মারধর করেছে।

সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: সাদিয়া সুলতানা বলেন, তাদের আজকে একটা শুনানি ছিলো। শুনানির আগেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।