১৬ সেপ্টেম্বর, ২০২৫

উল্লাপাড়ায় আওয়ামী বাহিনীর নির্যাতন ও দখলদারিত্বের বিচার চেয়ে মানববন্ধন

উল্লাপাড়ায় আওয়ামী বাহিনীর নির্যাতন ও দখলদারিত্বের বিচার চেয়ে মানববন্ধন

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আকমল হোসেনের বাহিনীর নির্যাতন, দখলদারিত্ব ও নানা অপকর্মের বিচারের দাবিতে মঙ্গলবার উল্লাপাড়ায় মাগুড়া ডাঙ্গা গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। আকল হোসেন এই গ্রামেরই বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে রয়েছেন।

বেলা ১১ টায় গ্রামের পাশের পূর্ণিমাগাঁতী-উল্লাপাড়া সড়কে উক্ত গ্রামবাসী আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, গ্রামের গৃহবন্ধু আয়শা সিদ্দিকা ও ট্রাক ডাইভার আব্দুল আজিজ।

এরা আকমল বাহিনীর লোকজনের নাম উল্লেখ না করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরে আকমল ব্যক্তিগতভাবে এবং তার নিজস্ব বাহিনী দিয়ে গ্রাম ও পাশর্^বর্তী এলাকার লোকজনের জমি দখল, ছোট খাট ঘটনায় গ্রামের লোকজনকে মারপিট, দোকনপাট দখলসহ নানা অপকর্ম করেছেন।

গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের পরেও তিনি পালিয়ে থেকে এখনও এসব অপকর্ম তার বাহিনী দিয়ে চালিয়ে যাচ্ছেন। এতে মাগুড়া ডাঙ্গা গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।

এসব বক্তা অবিলম্বে আকমল ও তার বাহিনীর লোকজনকে আটক করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। এ ব্যাপারে আকমল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পালিয়ে থাকায় সম্ভব হয়নি।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, আওয়ামী লীগ নেতা আকমল হোসেন আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মারপিট ও দখলদারিত্বের একাধিক মামলা রয়েছে। তবে গ্রামবাসী আকমলের বাহিনীর লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেবে।