বগুড়ার ধুনট-গোসাইবাড়ী সড়কে অতিভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক ও ছাত্রকল্যাণমুলক সংগঠন ‘দর্পণ’। সংগঠনটির নেতৃবৃন্দ শনিবার উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় ধুনট-গোসাইবাড়ী সড়ক উপজেলার অত্যন্তগুরত্বপূর্ণ একটি জনপথ। প্রতিদিন হাজার হাজার ছাত্র-জনতা এইপথ ব্যবহার করে বিদ্যালয়ে যাওয়া-আসা, বাজার করা, চিকিৎসা গ্রহনসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজ সম্পাদন করে থাকে।
অথচ এ সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এরঅন্যতম কারণ হচ্ছে অবৈধ ভাবে যমুনা নদী অঞ্চল থেকে বালু উত্তোলন এবং সেই বালু ভারী ট্রাক, ট্রাক্টর ও ডাম্পারদ্বারা পরিবহন।
স্মারকলিপিতে বলা হয়েছে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর প্রাকৃতিক পরিবেশ ও তীরবর্তী এলাকার ভূমি ক্ষয়ের শিকার হচ্ছে। কৃষিজমির স্থায়ীত্ব হুমকির মুখে পড়েছে। স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
সবচেয়ে ভয়াবহ দিকহলো, ভারী যান চলাচলের ফলে গোসাইবাড়ী-ধুনট সড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বেশীরভাগ স্থানে পিচঢালাই উঠে গিয়ে কাঁচা সড়কে রূপান্তরিত হয়েছে। ফলে রোগী পরিবহন, ছাত্রছাত্রীদের যাতায়াতসহ নিত্য প্রয়োজনীয় চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক দুর্ঘটনার পরিমান বহুগুন বেড়েছে।
সামাজিক ও ছাত্রকল্যাণ সংগঠন ‘দর্পণ’ এর সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বলেন স্মারকলিপির মাধ্যমে আমরা যমুনা নদী সংলগ্ন অঞ্চলসমূহে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা, ভারী যানবাহনের চলাচলের উপর নির্দিষ্ট নিয়ন্ত্রণ আরোপ, ধুনট-গোসাইবাড়ী সড়ক জরুরী ভিত্তিতে সংস্কার ও প্রশস্তকরণ এবং সংশ্লিষ্ট ভূমি ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে পরিবেশ রক্ষা নিশ্চিত করার দাবী জানাই।