গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের নীলকুটি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ভ্যানচালকের বসতঘরের দুটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গ্রামের বাসিন্দা ভ্যানচালক মধু মিয়ার বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের দুটি রুমে। আগুনে ঘরের ভেতরে থাকা ধান-চাল, খাট, আলমারি, জামা-কাপড়সহ যাবতীয় আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে।
আগুন নেভাতে স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালালেও ঘরের সবকিছুই পুড়ে যায়। ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অগ্নিকাণ্ডে ঘরহারা মধু মিয়া ও তার পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।