“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণ পরবর্তী করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা। মঙ্গলবার (৩ জুন) সকালে উল্লাপাড়া উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষণ ইউনিটের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ নিবন্ধক (প্রশাসন) মোছাঃ শাহানা শিল্পী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মিস. তানজিমুন নাহিদ এবং উল্লাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন প্রমুখ।
বক্তারা সমবায়ের ভূমিকা, প্রশিক্ষণ-পরবর্তী উদ্যোগ গ্রহণ এবং সমবায়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে এবং বৈষম্য হ্রাসে সমবায় একটি কার্যকর পদ্ধতি হতে পারে। মতবিনিময় সভায় স্থানীয় সমবায় নেতৃবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।