বগুড়ার ধুনটে ফেসবুক লাইভে এসে রাসেল আহম্মেদ (২৫) নামে এক ব্যবসায়ী বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। নিহত রাসেল ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের সোনা উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ধুনট শহরের দক্ষিন অফিসার পাড়ার ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। তবে আত্মহত্যার সময় তিনি বাড়িতে একাই ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল আহম্মেদ শহরের প্রথম সারির একজন ব্যবসায়ী। সুখেই চলছিল তার সংসার জীবন। ব্যবসায়িক কাজে চলতি মাসের প্রথম দিকে মালায়েশিয়ায় যান তিনি। সেখান থেকে ১৫ মে নিজ বাসায় ফিরেছেন।
মুলত মালেয়শিয়া থেকে বাসায় ফেরার পরই পারিবারিক বিষয়াদি নিয়ে তিনি চরম হতাশায় পড়েন। এ অবস্থায় মঙ্গলবার সকালে পরিবারের সবার সাথে সাক্ষাত করে ১০টার দিকে ভাড়াবাড়িতে ফিরে আসেন। এরপর ঘরের দরজা বন্ধ করে রাসেল আহম্মেদ নামে নিজের ফেসবুক পেইজে লাইভে এসে নিজের কষ্টের কথা বলেন।
তিনি টানা ৫৪ মিনিট ৫৮ সেকেন্ট ফেসবুক লাইভে ছিলেন। পরিবারকে মুক্ত করে দেওয়ার কথাও উল্লেখ করেন ফেসবুক লাইভে। লাইভে কথা বলার মাঝেই তিনি পর পর ২টি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অচেতন হয়ে পড়েন।
তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার এসআই ফিরোজ মিয়া বলেন, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের পর রাসেল আহম্মেদের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।