১৭ এপ্রিল, ২০২৫

উল্লাপাড়ায় নিখোঁজ কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার

উল্লাপাড়ায় নিখোঁজ কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার

উল্লাপাড়ায় নিখোঁজ কৃষক আল মাহমুদ মামুনের (৪৭) ভাসমান মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার পংখারুয়া গ্রামের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মামুন এই গ্রামের নূরাল প্রামানিকের ছেলে। বুধবার ভোরে নূরাল গ্রামের মসজিদে নামাজ পড়ার জন্য বেরিয়ে যায়। তারপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। আল মাহমুদ মামুনের স্ত্রী রাবেয়া খাতুন গতকাল বুধবার উল্লাপাড়া মডেল থানায় এ ব্যাপারে একটি জিডি করেন।

নিহত মামুনের ছেলে মোঃ আতিক জানান, তার বাবা একজন কৃষক। তিনি একজন ভালো মানুষ হিসাবে পরিচিত। বুধবার ভোরে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাবার পর তিনি আর ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে গ্রামের একটি পুকুরে স্থানীয় লোকজন তার বাবার মরদেহ ভাসতে দেখে উল্লাপাড়া মডেল থানায় খবর দেয়।

আতিক আরও জানান, কিছুদিন আগে জমি জমা নিয়ে গ্রামের কতিপয় লোকের সঙ্গে তার বাবার গোলযোগ হয়। এই গোলযোগের জের ধরে তার বাবাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তবে কাদের সঙ্গে তার বাবার গোলযোগ ছিল তাদের নাম বলেননি তিনি। বিষয়টি তার পরিবার থেকে তদন্ত করে দেখছেন তারা। আতিক পারিবারিক সিদ্ধান্তের প্রেক্ষিতে এ ব্যাপারে থানায় মামলা করবেন বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আবুল কালাম জানান, খবর পেয়ে কৃষক আল মাহমুদের ভাসমান মরদেহ পংখারুয়া গ্রামের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের কোন চিহ্ন নেই। তবে পানিতে ডুবে মারা যাবার কিছু লক্ষণ মরদেহে পাওয়া গেছে। ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারবে না। মরদেহ সিরাগজঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়।