বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের চরখাদুলী গ্রামে প্রায় ৮ বছর ধরে বিছানায় পড়ে থাকা ৭০ বছরের বৃদ্ধ শাহজাহান আলীকে হুইল চেয়ার ও ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।
বুধবার (১২মার্চ) সকাল ১১টায় স্বপ্নপূরণ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা চরখাদুলী গ্রামে হতদরিদ্র ওই বৃদ্ধর বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার ও ঈদ সামগ্রী দেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুস ছালাম, জুনায়েদ আহম্মেদ, সহসভাপতি হাফিজুর রহমান, বরকত উল্লাহ আপাল, সুইট, মাইকেল, কোষাধ্যক্ষ মজনু শেখ, সহকারী কোষাধ্যক্ষ সুমন তালুকদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সহ-সম্পাদক রুহুল আমিন, ফজলে রাব্বি তালুকদার, আরিফুল ইসলাম, ইদ্রীস আলী, সাংগঠনিক সম্পাদক রাব্বি ও আরিফুল।
এদিকে হুইল চেয়ারে বসতে পেরে হাসি ফুটেছে প্রতিবন্ধী শাহজাহান আলীর মুখে। হুইল চেয়ারটি পাওয়ার পর তাতে বসে বাড়ির আশপাশ ঘুরে দেখেন তিনি। হুইল চেয়ার পেয়ে তিনি স্বপ্নপূরণ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টাকার অভাবে দীর্ঘদিন যাবত চলাচল করতে পারি না।
হুইল চেয়ারটির দ্বারা আমি এখন নিজে নিজে চলাচল করতে পারবো। হুইল চেয়ারটি আমার অনেক উপকারে লাগবে। আমি সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।