৮ মার্চ, ২০২৫

ধুনটে রোগ-যন্ত্রনা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ধুনটে রোগ-যন্ত্রনা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

বগুড়ার ধুনট উপজেলায় শারীরিক নানা অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে শ্যামলী খাতুন (২০) নামে এক গৃহবধূ গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলার মথুরাপুর গ্রামের আশ্রয়ণ পল্লীতে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শ্যামলী খাতুন মেহেদী হাসানের স্ত্রী এবং একই এলাকার গোবিন্দপুর গ্রামের সেলিম রেজার মেয়ে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উভয় পরিবারের সম্মতিতে মেহেদী হাসানের সাথে শ্যামলী খাতুনের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই শ্যামলী  নানা জটিল রোগে আক্রান্ত হয়। কিন্ত অনেক চিকিৎসা করেও শ্যামলীকে সুস্থ করা সম্ভব হয়নি। ফলে শ্যামলী মানসিক ভাবে হতাশাগ্রস্ত ছিলেন। শ্যামলী বিভিন্ন সময় অস্বাভাবিক আচরণ করতো। ঘটনার দিন সকালে শ্যামলী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে স্বামীর ঘরের ভেতর তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের স্বামী মেহেদী হাসান জানান, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। অসুস্থতা বেশি হলে যন্ত্রণা সহ্য করতে না পেরে পাগলের মত আচরন করতো। অনেক চিকিৎসা করিয়েও তাকে সুস্থ করা যায়নি। রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।  

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়ে এবং এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় শ্যামলীর মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।