বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে করা মামলায় আব্দুস সালাম (৪৫) নামে স্বেচ্চাসেবকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ ফ্রেবুয়ারী) দুপুর ২ টায় ধুনট শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুস সালাম উপজেলার সুলতানহাটা গ্রামের মোস্তা মিয়ার ছেলে ও পল্লী বিদ্যুতের ইলেট্রেশিয়ান। তিনি উপজেলার চিকাশি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির কর্মী সভায় ককটেল হামলা চালায়।
হামলাকারীরা বিএনপির কার্যালয় ও কার্যালয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাংচুর করে। এ ঘটনায় ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি আব্দুস সালাম। ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।