১২ ফেব্রুয়ারি, ২০২৫

চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত সাঘাটার মানুষ

চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত সাঘাটার মানুষ

গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক সংকটের কারণে সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চরাঞ্চলসহ দূর-দূরান্তের গরীব রোগিরা চিকিৎসা সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন।

৩১ থেকে ৫০ শয্যায় উন্নতি হলেও বাড়েনি চিকিৎসা সেবা। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১৪ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও রয়েছে ৫ জন এমবিবিএস ও ২ জন কনসালটেন্ট । ফলে জনসাধরণের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

উপজেলার ১০ টি ইউনিয়নের প্রায় ৩ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবায় প্রধান ভরসা সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক, জনবল, যন্ত্রপাতি ও অবকাঠামোর অভাবে জনসাধারণ কাঙ্খিত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।

টেকনিশিয়ানের অভাবে নতুন এক্স-রে মেশিন প্যাকেটে মোড়ানো অবস্থায় আছে। চিকিৎসক সংকটে হাসপাতালে হচ্ছে না যে কোন অপারেশন। জনসাধারণকে ছুটতে হচ্ছে শহরের প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল গুলোতে। 

বড় কিছু হলেই যেতে হচ্ছে রংপুর মেডিকেল কলেজ অথবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। উপজেলার হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা একাধিক রোগী ও স্বজনরা জানান, চিকিৎসক না থাকা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা না হওয়াসহ নানা কারণে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রাইভেটে চিকিৎসা নিতে বাড়তি খরচ হচ্ছে। যা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না।