সোমবার বিকেল ৫টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়ার সলপ রেলওয়ে স্টেশনের পূর্বপাশে বনলতা এক্সপ্রেসে কাটা পড়ে মারা গেছে ৪টি গরু। গরুগুলো স্টেশনের পার্শ্ববর্তী বেতকান্দি গ্রামের দরিদ্র কৃষক আব্দুস সালামের।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস সালাম মাঠ থেকে তার গরুগুলো বাড়ি নিয়ে যাবার সময় রেলপথ অতিক্রম করছিলেন। পাশে পঞ্চক্রোশী হাটের দিন থাকায় প্রচুর লোকসমাগম ছিল ওই রেলপথ এলাকায়। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি ওই রেলপথ অতিক্রম করার সময় ৪টি গরু ট্রেনে কাটা পড়ে মারা যায়।
আব্দুস সালাম জানান, আমি বৃদ্ধ মানুষ। আমার ৪টি গরু এক সঙ্গে দড়িতে বাঁধা ছিল। গরুগুলোকে রেলপথ পার করতে নিলে পাশ থেকে দ্রুতগ্রামী ট্রেনটি এই পথ দিয়ে যাবার সময় নিচে পড়ে সবগুলো গরুই কেটে মারা গেছে। এসব গরুর মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। গরুগুলো হারিয়ে তিনি এখন অসহায় হয়ে পড়েছেন।
স্থানীয় পঞ্চক্রোশী ইউপি সদস্য বেতকান্দি গ্রামের বাসিন্দা মানিক রতনের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনে কেটে ৪টি গরুর মৃত্যুতে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক আব্দুস সালাম। এই ৪টি গরুই ছিল তার সম্বল।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, উল্লাপাড়া স্টেশন থেকে সলপ রেলওয়ে স্টেশনের দুরত্ব প্রায় ৫ কিলোমিটার। বেলা ৫টার দিকে সেখানে ট্রেনে কেটে গরুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।