বগুড়ার ধুনট পৌর এলাকার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিয়ামুল আলম তালুকদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় ধুনট বাজারের তুলাপট্টী এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় জানা যায়, ধুনট বাজারে নিয়ামুল আলম তালুকদারের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা নিয়ে তার চাচাতো ভাই রওশন আলম রুবেল তালুকদারের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।
জায়গার এই বিরোধ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় শনিবার সকালে রওশন আলম ও তার লোকজন নিয়ামুল আলম তালকদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
এ বিষয়ে নিয়ামুল আলম তালুকদার বলেন, এই জায়গা নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আদালত ওই জায়গার উপর স্থিতি অবস্থার আদেশ বহাল রাখার জন্য ওসিকে নির্দেশ দেন। কিন্ত প্রতিপক্ষের লোকজন আদালতের আদেশ অমান্য করে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে ক্ষতি করেছে।
অভিযুক্ত রওশন আলম তালুকদার বলেন, আমার জায়গা আমি দখল নেওয়ার চেষ্টা করেছি। সেখানে কোন প্রকার হামলা কিংবা লুটপাটের ঘটনা ঘটেনি।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, জাতীয় জরুরীসেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিবেশ নিয়ন্ত্রন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।