হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। ওই ফ্লাইটটি তল্লাশি করে কোনো কিছুই পাওয়া যায়নি। পরে দুপুর দেড়টার দিকে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ছেড়ে যান।
আজ বুধবার (২২ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইনস সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে।
ফ্লাইটটি (বিজি-৩৫৬) ইতালির রোম থেকে আজ বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় আসে। পথে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
বিমান জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান, গতকাল মঙ্গলবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইতালির রোম থেকে উড্ডয়ন করে আজ সকাল ৯ টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি রয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা বিধি অনুযায়ী, উড়োজাহাজটি শাহজালালে অবতরণের পরপরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তবেষ্টনীতে নেওয়া হয়। এরপর যাত্রীদের নিরাপদে নামানো হয়। যাত্রী এবং তাদের ব্যাগ, এয়ারক্রাফট তল্লাশি করা হয়। নিরাপত্তাতল্লাশিতে কোনো কিছু না পাওয়ায় সিকিউরিটি থ্রেট ক্লিয়ার হয় দুপুর সাড়ে ১২ টায়।
যথাযথ নিরাপত্তাতল্লাশি শেষে দুপুর দেড়টআর মধ্যে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন।
মুক্ত/আরআই