বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে যারা ‘মাইনাস টু ফর্মূলার’ চিন্তা করছেন, সেই চিন্তার বাস্তবায়ন ঘটবে না। বিএনপি এখন অনেক শক্তিশালী দল। দেশে গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচন হবে প্রথম সংস্কার।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) ১৬ বছর পর দেশে ফেরা বিএনপির অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
খসরু বলেন, দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচনের কোনো বিকল্প নেই। কারণ আন্দোলন একদিনে হয়নি। আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ। বিদেশ বসেই নেতাকর্মীরা স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন।
এরআগে বেলা ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রবাসে থাকা নেতাকর্মীরা। তারা বলেন, আওয়ামী লীগের মামলা, গুম ও নানা নির্যাতনের ভয়ে তারা দেশত্যাগ করে যুক্তরাষ্ট্রে পারি দিয়েছিলেন।
প্রবাসেও তারা দল গঠনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় ছিলেন। সরকার পতনের পর দেশে ফিরে বিএনপিকে সুসংগঠিত করায় ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে তাদের।
মুক্ত/আরআই