জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.মোখলেসুর রহমান জানিয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তা শিগগিরিই বাস্তবায়ন করা হবে।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সম্ভাবনার কথা জানান।
তিনি বলেন, ‘মহার্ঘ ভাতার এই ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন সদস্য। ইতিমধ্যেই দুইটি সভা হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে। তবে এবার ব্যক্তিক্রম হবে। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেতেনে না, এবার পাবেন। একটা অ্যামাউন্ট পাবেন। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।’
এই কর্মকর্তা বলেন, ‘৩০ জুনের মধ্যেই অর্থাৎ চলতি বাজেটেই হবে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থসচিব শতাংশের কথা বলতে পারবেন। তবে কোন মাস থেকে থেকে ধরা হবে অনুমান করে তা বলা ঠিক হবে না।’