সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হতে যানজট নিরসন পার্কিং এর নামে ট্রাক প্রতি ৫০ টাকা হারে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ের প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের স্বাক্ষরিত সংগঠনের অফিসিয়াল প্যাডে এ অভিযোগ দায়ের করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতি জেলাতে দীর্ঘদিন যাবৎ ট্রাক মালিক এবং শ্রমিকদের সাথে সু-সম্পর্ক রেখে প্রতিনিধিত্ব করে আসছে।
যার ফলশ্রুতিতে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ট্রাক মালিক সমিতির নিজস্ব অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগের খাস জমিতে একটি ট্রাক টার্মিনাল স্থাপন করা সম্ভব হয়েছে। বর্তমানে ভোমরা স্থলবন্দরের কিছু স্বার্থান্বেষী মহল দেশে বিরাজমান রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী পরিস্থিতিতে বন্দরে আগত ট্রাক হতে যানজট নিরসন পার্কিং এর নামে ট্রাক মালিক এবং শ্রমিকদের বিভ্রান্ত করে জোরপূর্বক অবৈধ চাঁদাবাজি করে যাচ্ছে।
যার পরিপ্রেক্ষিতে বর্তমানে ট্রাক মালিক এবং শ্রমিকদের মাঝে মারমুখি অবস্থান বিরাজ করছে। ভোমরা স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার স্বার্থে অনতিবিলম্বে বন্দরে যানজট নিরসন পার্কিং এর নামে অবৈধ চাঁদাবাজি বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। অন্যথায় ভোমরা স্থলবন্দরে স্বাভাবিক কার্যক্রম এবং রাজস্ব আদায় ব্যাহত হওয়ার আশংঙ্কা বিরাজ করছে বলে জানা গেছে।