সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার চৌবাড়ী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের সবের মোল্লার ছেলে শফিকুল ইসলাম (২১) তার স্ত্রী বেলকুচি উপজেলার তামাই কুঠিপাড়ার নুরু শেখের মেয়ে নূরী খাতুনকে (১৯) হত্যার পর আত্মহনন করেন। খবর পেয়ে ডিবি ও সিআইডি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত শফিকুল রাজমিস্ত্রির কাজ করতেন। এর আগেও দুটি বিয়ে করে তালাক দিয়েছেন তিনি। নূরী ছিলেন শফিকুলের তৃতীয় স্ত্রী।
শফিকুলের বাবা সবের মোল্লা জানান, সকাল সাড়ে ৯টার সময়ও শফিকুল ও নূরী ঘুম থেকে না ওঠায় তাদের ডাকতে থাকি। কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখি ছেলে শয়নকক্ষের ধরনার সঙ্গে ঝুলছে। আর ছেলের বউ মেঝেতে পড়ে আছে। এরপর সংবাদ পেয়ে বাড়িতে পুলিশ আসে।
নিহত নূরী খাতুনের মা ফরিদা বেগম জানান, ১৩ মাস আগে প্রস্তাবের মাধ্যমে শফিকুলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছি। বিয়ের পর থেকে মেয়ের ননাস ও শ্বশুর নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে মেয়ে ও জামাইকে আলাদা করে দেওয়া হয়। কয়েক দিন আগে মেয়ে ও জামাই আমাদের বাড়িতে চলে এসেছিল। পরে অনেক বোঝানোর পর তারা গত শুক্রবার নিজ বাড়িতে চলে যায়।
কামারখন্দ থানার ওসি নুরনবী প্রধান জানান, দাম্পত্য কলহের জেরে শফিকুল তার স্ত্রী নূরীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।