১৪ মে, ২০২৩

সারাদেশের সাথে হাতিয়া উপজেলার যোগাযোগ বন্ধ

সারাদেশের সাথে হাতিয়া উপজেলার যোগাযোগ বন্ধ

 ঘূর্ণিঝড় মোখা উপকূলের নিকটবর্তী হওয়ায় সাগর উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার বিকেল থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম, হাতিয়া-ভোলা স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছ।

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে হাতিয়ার মেঘনা ও পার্শ্ববর্তী বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, পারাপারে ঝুঁকি থাকায় সাময়িকভাবে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না।

হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরু জানান, মানুষের জানমাল রক্ষায় হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। সব নৌ-যানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় ২৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে নিয়ন্ত্রন কক্ষ। গঠন করা হয়েছে মেডিকেল টিমসহ যাবতীয় কার্যক্রম।
উপজেলায় সিপিপির‌ ১৭৭টি ইউনিটে প্রায় ৩ হাজার ৬শ’ সদস্য রয়েছেন। সকল সদস্যকে ঘূর্ণিঝড়‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।