বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মামলার আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে বাদির জমির পাকা ধান কাটার অভিযোগ উঠেছে। উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষানি আসামিদের বিরুদ্ধে ফের থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শৈলমারি গ্রামের মৃত হাফিজার রহমানের স্ত্রী সোনিয়া আকতার শিল্পীর ক্রয়সূত্রে প্রাপ্ত এলাঙ্গী মৌজার ৪৬ শতক জমি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে প্রতিবেশী আব্দুল সরকারের ছেলে মংলা সরকার ও আবু সাইদের সাথে শিল্পীর বিরোধ রয়েছে।
ওই বিরোধের জের ধরে ২০ ফেব্রুয়ারী মংলা সরকার ও তার লোকজন সোনিয়া আকতার শিল্পীর জমি বেদখলের চেষ্টা করে। এ ঘটনায় শিল্পী বাদি হয়ে মংলা সরকার সহ ৪জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
এ অবস্থায় ৬ নভেম্বর এই বিরোধ মিমাংসার জন্য এলাঙ্গী ইউনিয়ন পরিষদে উভয় পক্ষের বৈঠক হয়। ওই বৈঠকে আসামিরা ক্ষুব্ধ হয়ে বাদি ও তার লোকজনকে মারধরের চেষ্টা চালায়। এ ঘটনায় ওই দিনই আসামিদের বিরুদ্ধে বাদি থানায় আরো একটি লিখিত অভিযোগ করেন। এতে আসামিরা ক্ষুব্ধ হয়ে ২৯ নভেম্বর বাদির জমির পাকা ধান কেটে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় সোনিয়া আকতার শিল্পী বাদি হয়ে ফের মংলা সরকার সহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে।
এ বিষয়ে মংলা সরকার জানান, ওয়ারিশ সূত্রে আমরা ওই জমির মালিক। বার বার দেনদরবার করেও ওই জমির দখল ছাড়ছেন না। এ কারণে জোরপূর্বক জমির দখল নিয়েছে। আমাদের বিরুদ্ধে থানায় একাধিক মিথ্যা অভিযোগ করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ওই জমি নিয়ে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মুক্ত/আরআই