৩০ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) নিষিদ্ধের দাবিতে সিরাজগ‌ঞ্জে বিক্ষোভ করেছে তৌহিদি জনতা।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমবেত হয়ে শহরব্যাপী বিক্ষোভ মিছিল করে  বাজার স্টেশন পৌর মুক্তমঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে ইসকনকে ছাত্র -জনতার আন্দোলনে অর্জিত স্বাধীনতা ধুলিস্বাৎ করে পতিত সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্রের মূল হাতিয়ার উল্লেখ করে  নিষিদ্ধের দাবি তোলা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে শান্তিতে বসবাস করি। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসকন নামক একটি উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী সনাতনী ধর্মাবলম্বীদের উস্কানী দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। অনতিবিলম্বে ইসকন কে নিষিদ্ধ করার দাবি জানান তারা। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইসকন হটাও দেশ বাঁচাও, ইসকন জঙ্গি স্বৈরাচারের সঙ্গী, ইসকনের ঠিকানা বাংলাদেশে হবে না এসব স্লোগানে প্রকম্পিত হয়।