নারায়ণগঞ্জ রূপগঞ্জে অটোরিক্সা চালক বাবুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপগঞ্জে দাউদপুর ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ছিনতাই হওয়া অটোরিক্সাটিও উদ্ধা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শুক্কুর মিয়া, গাজীপুরের পূবাইলের নয়ানি পাড়ার আহাদ মোল্লা, একই এলাকার হাবিবুর রহমান হবু, মানিকগঞ্জের হরিরামপুরের গঙ্গানগর এলাকার সোহান ও নরসিংদীর বানিয়াছল এলাকার দেলোয়ার হোসেন।
পুলিশ জানিয়েছে, ২৩ নভেম্বর শনিবার বিকালে গাজীপুরের পূবাইল কাজীপাড়ার বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বেড়িয়ে পড়েন বাবুল মিয়া। ওইদিন থেকেই তিনি নিখোঁজ হন। এঘটনায় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
২৪ নভেম্বর রবিবার সকাল ১০ টারদিকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার ধান ক্ষেত থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত চালক বাবুলের ছেলে সোহাগ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে নরসিংদীর বানিয়াছল এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অটোরিক্সা ছিনতাই করতে গিয়ে চালক বাবুলকে গলায় লোহার চেইন পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করেছেন।