সিরাজগঞ্জের একটি দরবার শরীফ ভেঙ্গে সেখানে মসজিদ নির্মাণের দাবি জানিয়েছে তৌহিদী জনতা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন ‘তৌহিদী জনতা’ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।
শিয়ালকোল ইউনিয়ন তৌহিদী জনতার সভাপতি মাওলানা কাজিউল রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- এস এম ফরিদুজ্জামান, মোহাম্মদ মাহফুজুর রহমান, আব্দুল সরকার, মোহাম্মদ ফরহাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিরাজগঞ্জ জেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামের ‘বড় পীর গাউসুল আজমের পবিত্র দরবার শরীফ’ রয়েছে। পবিত্র এই শরীফ দীর্ঘদিন ধরে মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এমনকি দরবার শরীফে দেহ ব্যবসা, মাদক বিক্রি, জুয়াসহ নানা অপকর্ম চলছে। তাই অবিলম্বে দরবার শরীফটি ভেঙ্গে সেখানে মসজিদ নির্মাণের দাবি তাদের।
তাদের এই দাবি না মানলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন তৌহিদী জনতার নেতারা।
মুক্ত/আর আই