১৭ অক্টোবর, ২০২৪

জামালপুরে মাহেন্দ্র গাড়ির চাপায় সাংবাদিকের মৃত্যু

জামালপুরে মাহেন্দ্র গাড়ির চাপায় সাংবাদিকের মৃত্যু

জামালপুরে মাহিন্দ্র গাড়ি চাপায় সাংবাদিক কুরবান আলী (৬২)  নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মেলান্দহ উপজেলার শাহজাদপুর খানপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক কুরবান আলী মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের মেম্বারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, মেলান্দহ উপজেলার শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটর সাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন সাংবাদিক কুরবান আলী।

এসময় ইসলামপুর থেকে আসা জামালপুর গামী একটি মাহিন্দ্র গাড়ী সাংবাদিক কুরবান আলীকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সাংবাদিক কুরবান আলী দৈনিক গণমুক্তি ও প্রানের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ছিলেন। ইসলামপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা  জেলা পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক ছিলেন ।

নিহতের  ছোট ভাই ইদ্রিস আলী বলেন, মোবাইলে খবর পাই বড় ভাই কুরবান আলী এক্সিডেন্ট করেছে। পরে মেলান্দহ হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই। 

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মৌসুমি আক্তার বলেন, উনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, মাহিন্দ্র গাড়ী চাপায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।