ঝালকাঠিতে আগামী ২৪ অক্টোবর শুরু হবে মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম। এই সময়ের সরকারী ছুটির দিন ছাড়া ১৮ কার্য দিবসে জেলার ৩২ হাজার ৪৫২ কিশোরীদেরকে জরায়ু ক্যান্স্যার প্রতিরোধক এই টিকা প্রদান করা হবে। বুধবার সকালে সিভিল সার্জন ডা. এইচ. এম জহিরুল ইসলাম তার ককার্যালয়ে সংবাদ সম্মেলন করে এতথ্য গনমাধ্যমকে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, 'নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত সকল ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের এই টিকা দেয়া হবে।
এরই আলোকে "এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন" প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে ৯৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১০ থেকে ১৪ বছর বয়সী ৩২ হাজার ৪৫২ কিশোরীদেরকে আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী এইচপিভি টিকা প্রদান করা হবে।'
ইপিআই কার্যক্রমে "এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪" সাফল্যমন্ডিত করতে জেলা পর্যায়ে সংবাদ সম্মেলনে ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ. এম জহিরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইউনিসেফ এর আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল ইসলাম, বরিশাল বিভাগীয় ইমিউনাইজেশন অফিসার ডা. মোহাম্মদ সানিয়াৎ আলম চৌধূরী এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।