১৬ অক্টোবর, ২০২৪

নাটোরের চার কলেজে কেউ পাশ করেনি

নাটোরের চার কলেজে কেউ পাশ করেনি

নাটোরের চারটি কলেজে কোনো পরীক্ষার্থী পাশ করেননি। এই চার কলেজ থেকে ১৭ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফলে এসব তথ্য জানা গেছে। 

ফলাফলের ওই তালিকায় দেখা গেছে, নাটোর সদরের বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় থেকে ৫, গুরুদাসপুরের দুর্গাপুর স্কুল এন্ড কলেজে ৮, নলডাঙ্গার সরকোতিয়া স্কুল অ্যান্ড কলেজের ২ এবং বাগাতিপাড়ার তমালতলা উইমেন্স কলেজ থেকে ২ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

কিন্তু এসব কলেজের ১৭ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। গত শিক্ষাবর্ষে নাটোরে মোট ১১ হাজার ৪৬৭ শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ নেন। ৭৮ দশমিক ৪২ শতাংশ হারে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৯৯২ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী।

বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম খলিল বলেন, তাদের কলেজটি এমপিওভুক্ত হয়নি। দীর্ঘদিন বিনাবেতনে চাকরি করছেন শিক্ষকরা। তাছাড়া রাজনৈতিক কারণে কলেজটিতে শিক্ষার্থী সংখ্যা কমেছে। এবছর যে—৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা নিয়মিত নয়। একারণে ফলাফলে এমন বিপর্যয় নেমেছে।

গুরুদাসপুরের দুর্গাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, তাদের কলেজটিও এমপিওভুক্ত হয়নি। শিক্ষকেরা বিনাবেতনে পাঠদান করে যাচ্ছেন। অনেক সময় শিক্ষকেরাও পাঠদানের ওপর আগ্রহ হারিয়ে ফেলেন। তাছাড়া অনেক শিক্ষার্থী নিয়োমিত শ্রেণিকক্ষে না আসায় ফলাফল খারাপ হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদুজ্জামান বলেন, পাশ না করা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের সাথে বিষয়টি নিয়ে বসা হবে। কেন কোনো শিক্ষার্থী পাশ করেনি তা জানতে চাওয়া হবে।

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রওশন আলী বলেন, চার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ না করার ঘটনাটি দুঃখজনক। এটি নিয়ে তদন্ত করবেন তারা।