ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়ক দুর্ঘটনায় মোছা. মারুফা খাতুন (৯) নামের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন জহুরুল নামের এক মোটরসাইকেল আরোহী। নিহত ওই শিশু উপজেলার বিরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশুটি বিরগড়গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার চৌরঙ্গী হরিপুর মহাসড়কের পাহাড়গাঁও জুমা মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থায়ী সূত্রে জানাগেছে, বাড়ির পাশের পাকা সড়কের ধারে খেলা করছিল শিশু মারুফা। এসময় দামোল মালিপাড়া গ্রামের রফিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে হরিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জহিরুল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি ছিটকে গিয়ে শিশু মারুফার ওপর আছড়ে পরে। ঘটনাস্থলেই মারা যায় শিশু মারুফা।
এদিকে হরিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে এঘটনায় মামলার কোনো খবর পাওয়া যায়নি।