১৭ সেপ্টেম্বর, ২০২৪

উল্লাপাড়ায় ভ্যান চালকের ভাসমান লাশ উদ্ধার

উল্লাপাড়ায় ভ্যান চালকের ভাসমান লাশ উদ্ধার

মঙ্গলবার বেলা ১১টার দিকে মোঃ আশরাফুল ইসলাম (৩৬) নামের এক ভ্যানচালকের ভাসমান লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। তাকে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের দহপাড়া গ্রামের পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। আশরাফুল উপজেলার বামনঘিয়ালা গ্রামের মোঃ ইদ্রিস সরকারের ছেলে।

নিহতের পিতা ইদ্রিস সরকার জানান, গত ১৫ তারিখ রাতে আশরাফুল বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে বাড়ির সঙ্গে তার আর কোন যোগাযোগ ছিল না। মোবাইল ফোনটিও বন্ধ ছিল। সে ভ্যান চালালেও ঘটনার সময় বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হননি।

অবশেষে মঙ্গলবার সকালে আশরাফুলের মরদেহ দহপাড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন উল্লাপাড়া থানায় খবর দেয়। আশরাফুল ইসলামের মরদেহে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। ইদ্রিস সরকারও তার ছেলে কিভাবে মারা গেল এখনও বুঝতে পারছেন না বলে জানান।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দহপাড়া গ্রামে গিয়ে আশরাফুল ইসলামের মরদেহ উদ্ধার করে
থানায় আনে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মরদেহের পরনের লুঙ্গীর ভাঁজ থেকে মোবাইল সেট, ১ প্যাকেট বিড়ি এবং ভ্যান মেরামতের রেঞ্জ পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া আশরাফুলের মৃত্যুর কারণ জানা সম্ভব নয় বলে উল্লেখ করেন ওসি। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।