গনমাধ্যমের ভূমিকা থাকবে এদেশের অসহায় মানুষের পক্ষে, স্বাধীন গনমাধ্যমের বিষয়ে সহযোগিতা করবে জামায়েত ইসলামী। বিগত দিন যে সব বিষয়ে লেখতে পারা যায়নি, এখন তা জাতির সামনে তুলে ধরার আহবান জানান তিনি। শুক্রবার রাতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন হাতিয়া উপজেলা জামায়েত ইসলামী আমির মাস্টার বোরহানুল ইসলাম।
উপজেলা জামায়েত এর কার্যালয় দারুল আইতাম এতিমখানায় আয়োজিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী উপজেলা শাখার সাধারন সম্পাদক নুর উদ্দিন মেশকাত, প্রচার সম্পাদক ওসমান গনি রুবেল। এছাড়া হাতিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জামায়েত এর আমির আরো বলেন, হাতিয়াতে অগনিত সম্পদ রয়েছে যা কিছু সংখ্যক লোক দখল করে রেখেছে। আমাদের পাশে নিঝুমদ্বীপ আমরা এই সম্পদকে কাজে লাগাতে পারিনি। আমাদেরকে এখন দেশ গঠনে কাজ করতে হবে। আর এক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করতে পারে গনমাধ্যম। আমরা চাইবো গনমাধ্যম এদেশের মানুষের কল্যানে তাদের সঠিক দায়িত্ব পালন করবে।