নাটোরের গুরুদাসপুরে জোর পূর্বক পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে বিবাদী মো. মোজাম প্রামানিকের বিরুদ্ধে। জমি ফিরে পেতে মোজামের বিরুদ্ধে গুরুদাসপুর আমলী আদালতে মামলা দায়ের করেছেন মনিরুল ইসলাম। বিবাদী মোজাম প্রামানিক উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িকাছিকাটা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।
জানাযায়, উপজেলার মশিন্দার দড়িকাছিকাটা গ্রামের মৃত বাহার উদ্দিন ও মনিরুল ইসলাম সম্পর্কে আপন দুই ভাই। বাহার উদ্দিন মারা যাওয়ায় তার ছেলে মোজাম সম্পত্তির অংশীদার হন। তবে সাড়ে ১৬ শতাংশ পৈত্রিক সম্পত্তি নিয়ে গত ত্রিশ বছর ধরে দ্বন্দ্ব চলছিল মনিরুল ইসলাম ও মোজাম প্রামানিকের মধ্যে।
ঐ বিরোধমান জমির ওপর বসত বাড়ি নির্মান করে বসবাস করছেন মোজাম প্রাং। জমি নিয়ে বিরোধ নিরসনে সে সময় এলাকায় বেশ কয়েকবার শালিশি বৈঠক হয়। শালিশি বৈঠকে গ্রাম্যপ্রধানদের রায় মনিরুল ইসলাম মানলেও সেই রায় মানেন না মোজাম প্রামানিক।
যার কারনে তাদের দ্বন্দ্ব মিটাতে ব্যর্থ গ্রাম্যপ্রধানরা। বর্তমানে তাদের দ্বন্দ্ব চলমান রয়েছে। জমি ফিরে পেতে গত বছরের ডিসেম্বরের ১৩ তারিখে নাটোরের গুরুদাসপুর আমলী আদালতে মোজামের বিরুদ্ধে মামলা দায়ের করেন মনিরুল ইসলাম। যার স্বারক নাম্বার-(সি.আর.৪৬০/২৩)।
সরেজমিনে গিয়ে কাগজপত্রে দেখা যায়, বিরোধকৃত জমিটির দলিল সুত্রে মালিক মনিরুল ইসলাম। জমির দলিল, খাজনা-খারিজসহ সকল কাগজপত্র মনিরুল ইসলামের নামেই রয়েছে।
বাদী মনিরুল ইসলাম বলেন, পিতার ওয়ারিশ সুত্রে পাওয়া জমি প্রায় ত্রিশ বছর ধরে দখল করে বসবাস করছেন মোজাম উদ্দিন এবং আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। আমি আমার জমি ফেরত চাই।
বিবাদী মোজাম প্রামানিক বলেন, আমি জোর করে মনিরুলের জমি দখল করিনি। তাকে মারধর ও করা হয়নি। সে আদালতে মামলা করেছে। মামলায় যে রায় হয় তা মেনে নেব।