১৬ জুলাই, ২০২৪

জামালপুরে নির্যাতনের মামলা দেওয়ায় গৃহবন্দি একটি পরিবার

নির্যাতন ও মারধরের ঘটনায় মামলা করায় নির্যাতিত এক পরিবারকে গৃহবন্দি করেছে  সন্ত্রাসীরা। আতঙ্ক ও চরম মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।

মামলা সূত্রে জানা যায়, গত ১০ জুলাই মেলান্দহ পৌরসভার বাগাডোবা এলাকায় বাড়ির পাশে বন্যার পানিতে মাছ ধরতে যায় কিশোর ফাহিম।

মাছ ধরার সময় প্রতিবেশি দেলু মন্ডলের ছেলে মমিনুল ফাহিমকে মারধোর করে তার মাছ ধরার জাল ছিরে ফেলে।

এর প্রতিবাদ করায় ফাহিমের মা ও মামাকে বেধরক পিটুনি দেয় দেলু মন্ডল ও তার সন্ত্রাসী বাহিনী। নির্যাতনে শিকার পরিবারের সদস্যরা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে নালিশ করায় ওই রাতেই ফাহিমের আরেক মামা ফারুক বাড়িতে ফেরার পথে বাগাডোবা রাস্তায়  ফেলে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়।

আহত ফারুককে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ত্রাসীরা পরিবারটিকে বাড়ি থেকে  বের হতে না দেওয়ায় আহত ফারুক চিকিৎসা সেবা পাচ্ছেন না। 

এ ঘটনায় গত ১২ জুলাই ফাহিমের মা বাদি হয়ে দেলু মন্ডল, দেলু মন্ডলের বখাটে পুত্র ফাহিমসহ ৫ জনের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

নিরাপত্তা ও আইনী সহায়তা পেতে সরকারের সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে গৃহবন্দি নির্যাতিত পরিবারটি।

মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ সাংবাদিকদের জানান, হামলা ও মারধোরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।