১৫ জুলাই, ২০২৪

আসামী ধরতে নদীতে ঝাঁপ; মারা গেলেন এসআই

আসামী ধরতে নদীতে ঝাঁপ; মারা গেলেন এসআই

ডাকাতি মামলার আসামীকে ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে রেজাউল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। সোমবার সিরাজগঞ্জের হাটিকুমরুল ইউনিয়নের স্বরস্বতী নদীতে এ ঘটনা ঘটে। রেজাউল ইসলাম রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার পত্মীতলার মোঃ তোজাম্মেল হকের ছেলে। 

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, রায়গঞ্জ থানার ডাকাতি মামলার এক আসামিকে ধরতে উপপরিদর্শক রেজাউলসহ ৫ জন অভিযানে অংশগ্রহণ করেন। আসামিকে ধরার চেষ্টা করলে আসামী নদীতে ঝাঁপ দেন।

পরে উল্লিখিত এসআই পোষাক পরিহিত অবস্থায় আসামীকে ধরতে নদীতে ঝাঁপ দেন। এক পর্যায়ে নদীর অপর তীরে পৌঁছালেও দ্রুত শ্বাস প্রশ্বাসের কারতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।