
হু হু করে বাড়ছে সিরাজগঞ্জ যমুনা নদীর পানি। ফলে সিরাজগঞ্জ জেলার ৫টি উপজেলার কাজিপুর, চৌহালী শাহজাদপুর, এনায়েতপুর সিরাজগঞ্জ সদরে তীব্র আকারে নদী ভাঙ্গন দেখা দিয়েছে।
আজ শুক্রবার বেলা ১২ টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড-পয়েন্ট পানি পরিমাপক দপ্তরের হিসাব অনুযায়ী গত ৬ ঘণ্টায় যমুনায় পানির সমতল ১৩.৫৭ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে যমুনা নদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে, সিরাজগঞ্জ জেলার কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানির সমতল বিপৎসীমার (১৫.২৪ মিটার) ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার ২টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় আতঙ্কিত হয়ে আছে নদী পাড়ে মানুষ।

সিরাজগঞ্জে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, বন্যার পূর্বাভাস দপ্তরের তথ্য অনুযায়ী যমুনায় পানির সমতল আরও কয়েকদিন বেড়ে বিপৎসীমার ৬০ থেকে ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।
এদিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বন্যা হলে পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে। সিরাজগঞ্জে এখনও সেভাবে বন্যা পরিস্থিতির অবনতি হয়নি।