
গতকাল গভীর রাতে বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছিলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সকালে তাঁদের কারাগারের আশপাশের এলাকা থেকে আটক করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চারজনই ফাঁসির আসামি।
তাঁরা পালিয়েছিলেন। আমার কারাগারের পাশেই তাঁদের পেয়েছি।’
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, ‘বিষয়টি অনেক স্পর্শকাতর। পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’
পুরো ঘটনা জানতে কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন)-সহ সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করা হলে কেউই সাড়া দেননি।
আজ সকাল ৮টা পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির নাম জানা যায়নি।
তবে তাঁদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।