২২ জুন, ২০২৪

পদ্মা চরের বাদাম খেতে পাওয়া গেল  ৪টি রাসেল ভাইপার

পদ্মা চরের বাদাম খেতে পাওয়া গেল  ৪টি রাসেল ভাইপার

পদ্মা চরের একটি বাদাম খেতে তিনটি বাচ্চাসহ রাসেল ভাইপার পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় কয়েকজন কৃষক। শনিবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকার নসাড়া চরে এসব সাপ পাওয়া যায়। ভারত থেকে পদ্মার পানিতে ভেসে এসব সাপ লালপুরে এসেছে বলে স্থানীয়দের ধারণা। 

স্থানীয় কৃষকেরা মুক্তপ্রভাতকে জানান- পদ্মার চরে বাদামের চাষ করেছেন কৃষকেরা। শনিবার দুপুরে সেসব জমিতেই কাজ করছিলেন কয়েকজন কৃষক। বাদাম গাছের ভেতর কিছু একটা নড়াচড়া করতে দেখে এগিয়ে যান।

এসময় বড় আকারের একটি  রাসেল ভাইপার দেখতে পান তারা। সাথে আরো তিনটি বাচ্চাও ছিল। পরে পাশের আরো কয়েকজন কৃষককে ডেকে নিয়ে রাসেল ভাইপার সাপগুলো পিটিয়ে হত্যা করা হয়। একপর্যায়ে আরো সাপ আছে কি না তা দেখতে তল্লাশি শুরু করেন কৃষকেরা।

বাদামে খেতে বের হওয়া রাসেল ভাইপার সাপের বিষয়টি নিশ্চিত করে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু মুক্তপ্রভাতকে বলেন, কয়েক বছর আগে প্রথমে পদ্মার চরে রাসেল ভাইপার দেখা গিয়েছিল। বিষাক্ত এই সাপের কামড়ে এর আগে লালপুর উপজেলায় একজন মারাও গেছেন। মূলত লালপুর উপজেলাটি পদ্মা নদীর তীর ঘেঁষা হওয়ায় ভারত থেকে পানিতে ভেসে এসেছে এসব রাসেল ভাইপার সাপ। 

তিনি বলেন, দেশজুড়ে রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক বিড়াজ করছে। ভয়ে আছেন লালপুরের মানুষও। বাদামের খেতে বের হওয়া মৃত রাসেল ভাইপার দেখতে ভিড় জমান আশেপাশের উৎসুখ মানুষ। তিনি সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান।