কক্সবাজারের পেকুয়া-চকরিয়া বানৌজা শেখ হাসিনা সড়কে যাত্রীবাহী জিটু গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়াও পৃথক সড়ক দুর্ঘটনায় মহেশখালী-বদরখালী রোডে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা বরইতলি নতুন রাস্তার মাথায় ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রামের উত্তর পদুয়া পান্ডাইরপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে মো: তায়িব ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো:শাওন।
নিহতের স্বজন জানায়, ঈদের ছুটিতে পেকুয়ার মগনামায় মোটরসাইকেলযোগে ঘুরতে গিয়েছিলো তারা দুই বন্ধু। যাওয়ার পথে জিটু গাড়ি ধাক্কা দেয় তাদের। এতে ঘটনাস্থলে তায়িব নিহত হয়।পরে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অপর আরোহী শাওনের মৃত্যু হয়।
এছাড়াও একইদিন সন্ধা ৭টার দিকে বদরখালী-মহেশখালী সড়কের বদরখালী ব্রীজ এলাকা থেকে অজ্ঞাতনামা আনুমানিক (৫০) বছরের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বহনকারী সিএনজি চালক জানায়-বিকালের দিকে মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী স্টেশনে সিএনজির ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়। তাকে ওই সিএনজি চালক বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, বরইতলিতে মোটরসাইকেল দূর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেলে আরেকজনের মৃত্যু হয়। একইদিন আরো একটি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে।