৮ মে, ২০২৪

বিদেশ থেকে ফিরেই গ্রেপ্তার ‘কাচ্চি ভাই’ রেস্তোঁরার মালিক

পুলিশ রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (৭ মে) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে সিআইডির কাছে সোপর্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) নিজামউদ্দিন ফকির বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

নিজামউদ্দিন ফকির বলেন, বেইলি রোডের আগুনের ঘটনায় করা মামলায় সোহেল সিরাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার সকালে সিআইডি সোহেল সিরাজকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ৮ তলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল বিরিয়ানির দোকান কাচ্চি ভাই রেস্তোরাঁ।

এ ছাড়া ভবনটির অন্যান্য তলায়ও ছিল অনেকগুলো খাবারের দোকান। বৃহস্পতিবার রাতে ভবনটিতে ছড়িয়ে পড়া আগুনে ৪৬ জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ১৮ জন নারী এবং ৮ শিশু ছিল। তারা সবাই খাবার খেতে ভবনটির বিভিন্ন রেস্তোরাঁয় গিয়েছিলেন।

এ ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলাটি তদন্ত করছে সিআইডি।