৮ মে, ২০২৪

নাটোরে রেললাইন ভেঙ্গে ধীর গতিতে চলছে ট্রেন

নাটোরের আব্দুলপুর জংশন স্টেশন থেকে রাজশাহী রেল পথের লোকমানপুরে এলাকায় রেললাইনের ৪ ইঞ্চি ভেঙ্গে যাওয়ায় ধীর গতিতে চলছে ট্রেন। 

বুধবার (৮ মে) সকালে বাগাতিপাড়ার লোকমানপুর এলাকায় স্থানীয়রা রেললাইনের ভাঙ্গা অংশটি দেখতে পান। পরে তারা বিষয়টি পার্শ্ববর্তী লোকমানপুর রেলওয়ে স্টেশনে জানান। এরপর থেকে এই রুটে ধীর গতিতে রেল চলাচল করছে।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলের (রাজশাহী) জিএম অসীম কুমার তালুকদার বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রাজশাহী গামী কমিউটার ট্রেনটি লোকমানপুর অতিক্রম করার আগে স্থানীয়রা লাইনে ভাঙ্গা দেখেতে পান।

পরে এলাকাবাসী লোকমানপুর স্টেশন মাস্টারকে অবহিত করলে রেলওয়ে কর্মীরা গিয়ে রেললাইন মেরামত শুরু করেন।

তিনি আরো বলেন, পুরাতন লাইন তাই এমন ঘটেছে। ভাঙ্গা ওই স্থানটি দিয়ে বিশেষ কায়দায় (পাটের বস্তা দিয়ে) ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। আর বিকেলের মধ্যে ভাঙ্গা স্থানটির মেরামত সম্পূর্ণ হবে বলে জানান রেলের এই কর্মকর্তা।