১ মে, ২০২৪

যুবলীগ নেতা হত্যার আসামী আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

যুবলীগ নেতা হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মনজুর রহমানকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর শহরের আজিমনগর রেলস্টশন এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত মনজুর রহমান উপজেলার বাহাদিপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল সুগার মিলের ১ নম্বর ফটকের সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন মনজুর। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

পুলিশ জানিয়েছে, লালপুরের গোপলপুর পৌর শহরের আজিমনগর রেলস্টেশন এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। রাত তখন সাড়ে ১১ টা হবে। এসময় হঠাৎ করেই পাঁচ ছয়জনের একদল লোক মনজুরের মাথা ও পেটে গুলি করে পালিয়ে যান। গুলিবৃদ্ধ হয়ে ঘটনাস্থলেই মনজুর মারা যান। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য বুধবার সকালে লাশটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ বলেন, পুড়নো বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। মুখোশধারী দুর্বৃত্তরা হত্যার ঘটনাটি ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এরই মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া শ্রীঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।