
ফসলি জমিতে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার দুপুরে গুরুদাসপুরের মশিন্দায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার।
সূত্র বলছে, মশিন্দা ইউনিয়নের বিলে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করছিলেন চাটমোহরের এক ব্যক্তি। খবর পেয়ে ভ্রাম্যমান আদলত পরিচালনা করা হয়। এসময় একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া এবং সড়ক পরিবহন আইনে আরো তিনজনকে জরিমানা করা হয়। একই সাথে গুরুদাসপুরের কাছিকাটা বাজারের আশিক হোটেলসহ দুইটি রেষ্টুরেন্টে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এরআগে শনিবার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্র নগর ও জ্ঞানদানগর বিলে চালানো অভিযানে খননকাজে ব্যবহৃত ৭ টি খননযন্ত্রের ১৩টি ব্যাটারি জব্দ করা হয়। একইসঙ্গে খননযন্ত্রের দুই মালিককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার বলেন, ফসলি জমিতে কোনো ভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। পুকুর খননকারীদের বিরুদ্ধের এই অভিযান অব্যাহত থাকবে।