
ঝালকাঠি পৌর এলাকার কৃষ্ণকাঠি এলাকায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রিপন মল্লিকের (৫০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিপন মল্লিক ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
তিনি ঐ এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। ১৫ ডিসেম্বর রাতেই তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এটি হত্যাকান্ড বলে গনমাধ্যমকে জানিয়েছে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।
ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিন জানায়, রিপনের প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে সোমবার রাত সারে ১০ টায় এই হত্যাকান্ডটি ঘটেছে। তবে ঐ নারীর সাথে রিপন মল্লিকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো বলে জানাযায়। এ ঘটনার সূত্র ধরে তাকে হত্যা করা হতে পারে বলে বলে স্থানীয়দের ধারনা।
পুলিশ, নিহতের স্বজন এবং স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামীলীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের বাসায় আসা যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত ৪ দিন পুর্বে ঢাকায় অবস্থান করছে। ঘটনার দিন শিরিন তার ঘরে একা থাকাকালীন এ ঘটনা ঘটেছে।
প্রতিবেশী হারিছ হোসেন বলেন, 'রাত সারে ১০ টায় শিরিন তার ঘরের ভিতর থেকে ডাক চিৎকার শুরু করে। এসময় আমিসহ আশপাশের মানুষ গিয়ে দেখি রিপন মল্লিক অর্ধ উলঙ্গবস্থায় মেঝেতে পরে আছে। সবাই মিলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। এসময় কর্মরত চিকিৎসক রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করায় আমরা তার বাড়িতে লাশ পাঠিয়ে দেই।
নিহত রিপনের ভাই সমির মল্লিক বলেন, আমাকে স্থানীরা ফোনে জানায় ভাইকে মেরে মাথা ফাটিয়ে হত্যা করা হয়েছে। খবর শুনে শিরিনের বাসায় গিয়ে দেখি শিরিন তার ঘরেই বসা। ভাইয়ের লাশ হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা।
শিরিন আক্তারের বোনের ছেলে লিয়ন হোসেন বলেন, 'আমার খালা/খালু রিপন মল্লিকের কাছ থেকে জমি কিনেছে। সেই সুবাদে রিপন মল্লিক আমার খালার বাসায় আসা যাওয়া করতো। তবে ঘটনার দিন কেনো রিপন মল্লিক খালার ঘরে এসে ছিল তা আমার জানা নেই।
এই ঘটনার বিষয়ে ঝালকাঠি সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম বলেন, লাশের সুরতহাল শেষে প্রাথমিক ভাবে বুঝা গেছে এটি হত্যাকান্ড। যেই মহিলার ঘরে হত্যা করা হয়েছে সেই মহিলার সাথে রিপন মল্লিকের পরকিয়া সম্পর্ক ছিলো বলেও তথ্য পেয়েছি।
আমরা শিরিন নামের ঐ মহিলাকে আটক করেছি। আর রিপনের মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতিও চলছে।