২৩ নভেম্বর, ২০২৩

হত্যা করে লাশ সিংড়ায় ফেলে যাওয়ার ঘটনায় আসামী দিনাজপুরে গ্রেপ্তার

গত ২২ অক্টোবর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার নুর ইসলাম (৫১) নামের এক ট্রাক হেলপারকে হত্যা করে নাটোরের সিংড়ার জামতলী এলাকায় ফেলে রেখে যাওয়ার সেই চাঞ্চল্যকর হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোরে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প ও র‌্যাব-১৩ দিনাজপুর ও নীলফামারী ক্যাম্প এর যৌথ অভিযানে আসামী দুলাল (৩৬) কে দিনাজপুরের বিরল উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত দুলাল একজন ট্রাক ড্রাইভার ও পঞ্চগড়ের বোদা উপজেলার কিসমত হরিপুর গ্রামের হাকিম উদ্দিনের ছেলে। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর সকাল ৭টায় নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকা থেকে নিহত নুর ইসলামের লাশ উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।