উল্লাপাড়ায় স্ত্রী লিমা খাতুন হত্যার দায়ে স্বামী মোঃ সবুজ হোসনকে (২৬) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এ দন্ডাদেশ দেন।
একই সঙ্গে সবুজকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত মোঃ সবুজ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের মানিক মিয়ার ছেলে। আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়িয়া গ্রামের মোঃ বকুল প্রামানিকের মেয়ে লিমা খাতুনের সঙ্গে সাত বছর আগে সবুজের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়িতে থাকতেন লিমা।
আসামী সবুজ মাঝে মধ্যেই পারিবারিক বিষয় নিয়ে লিমাকে বিভিন্নভাবে অত্যাচার ও মারপিট করতেন। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে সবুজ হোসেন লিমাকে নির্যাতন ও মারপিট করে। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সবুজ।
এই ঘটনায় লিমা খাতুনের বাবা বকুল প্রামানিক বাদি হয়ে পরদিন উল্লাপাড়া থানায় সবুজ হোসেনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন। এরপর পুলিশ সবুজকে গ্রেপ্তার করে।
সবুজ আদালতে ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দী প্রদান করেন। পরে বিজ্ঞ আদালত স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে সবুজকে সোমবার যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষে পিপি আব্দুর রহমান ও আসামী পক্ষে এ্যাড. বিমল কুমার দাস মামলাটি পরিচালনা করেন।