১৭ অক্টোবর, ২০২৩

কাউন্সিলরদের মারধরের অভিযোগে ইউপি সদস্যসহ তিনজন আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার দুই কাউন্সিলরকে মারধরের অভিযোগে মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ মোস্তাক আহমেদ মোহন (৪০) নামের এক ইউপি সদস্যসহ তিন ব্যক্তিকে আটক করেছে।

মোহন পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলার শাহজাহানপুর গ্রামের বাসিন্দা।

আটক অপর দুই ব্যক্তি হলেন, উল্লাপাড়া পৌরসভার ঘাটিনা মহল্লার মামুন রহমান (২৯) ও কৃষ্ণ হলদার (৩৫) । 

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম জানান, ১৫ অক্টোবর উপজেলার শাহজাহানপুর গ্রামে অনুষ্ঠিত লালন সঙ্গীত অনুষ্ঠানে ইউপি সদস্য মোহনের লোকজন উপস্থিত কতিপয় মেয়ে দর্শকের সঙ্গে খারাপ আচরণ করায় সেখানে গোলোযোগ বাধে।

এ সময় ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা উল্লাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর আজিরন নেছা সৃষ্ট গোলোযোগ নিরসনের উদ্যোগ নেন।

মঙ্গলবার কথিত গোলোযোগ নিরসনের প্রস্তুতিকালে মোস্তাক আহমেদ মোহনের অনুসারীরা উক্ত ২ কাউন্সিলরকে মারধর করলে সেখানে উভয় পক্ষের মধ্যে আবারও গোলোযোগ বাধে।

পরে উল্লিখিত ২ কাউন্সিলরের থানায় দেওয়া অভিযোগের পেক্ষিতে ইউপি সদস্য মোহন ও উক্ত ২ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর ও উল্লাপাড়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন এই উপ-পরিদর্শক।