নাটোরের বড়াইগ্রামে মুকুল মন্ডলের আবাদী জমির গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে একই এলাকার মিজানুর রহমান মিঠুর বিরুদ্ধে।
সোমবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের নওগ্রাম এলাকায় প্রায় ১৫টি মেহগনি গাছ কেটে জমি দখল করে ধানের চাষ করেন মিজানুর রহমান মিঠু। এ বিষয়ে জমির মালিক মুকুল মন্ডল বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, পৈত্রিক সূত্রে মুকুল মন্ডল প্রায় ৩০ বছর ধরে জমিটি ভোগ দখল করে আসছিলো। কিন্তু হঠাৎ কিছুদিন আগে মিজানুর রহমান মিঠু দাবী করে যে এই জমি তার পিতার। এবং জমিটি জোরপূর্বক দখল করে চাষাবাদ শুরু করেন। পরে মুকুল মন্ডল এলাকার গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি সম্পর্কে অবগত করলে এলাকাবাসীর সমন্বয়ে শালিশের মাধ্যমে মিমাংসা করা হলে মিজানুর রহমান মিঠু শালিশ অমান্য করে জমি দখলে থেকে চাষাবাদ চালিয়ে যান।
বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিলে থানাতে বসে আপোষ মিমাংসা করা হয়। সেই আপোষ মিমাংসাকে উপেক্ষা করে আবার জমিতে জবর দখল করেন মিজানুর রহমান মিঠু। পরে বিষয়টি নিয়ে থানায় এবং আদালতে মামলা করেন মুকুল মন্ডল। তবে মামলা চলমান থাকা অবস্থায় মিজানুর রহমান মিঠু গত সোমবার আবার সেই জমির ১৫টি মেহগনির গাছ কেটে সেখানে ধান চাষ করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বিষয়টি স্বীকার করে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।