২১ আগস্ট, ২০২৩

উল্লাপাড়ায় ২৪ ঘন্টার মধ্যে চোরাই মালামাল উদ্ধার, ২জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোজাহারুল ইসলামের চুরি যাওয়া সকল সামগ্রী ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ।

সেই সঙ্গে দুই চোরকেও গ্রেপ্তার করা হয়েছে। ঠাকুরগাঁয়ের বাসিন্দা মোজাহারুল ইসলাম উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী মহল্লার আব্দুল আলীমের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

গত ১৮ আগস্ট দিনের বেলায় চোরেরা তার বাসা থেকে একটি ফ্রিজ, একটি প্রিন্টার মেশিন, একটি রাইচ কুকার, বাসনপত্র ও একটি ব্রিফ কেসে রাখা তার জমি জমা ও ব্যাংকের মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

১৯ আগস্ট বিকেলে এ ব্যাপারে থানায় মামলা দেন মোজাহারুল । পুলিশ ২০ আগস্ট রাতে সকল চোরাই মালামাল উদ্ধার করে। 

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, মোজাহারুল ইসলামের দেওয়া মামলার সূত্রধরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুই চোরকে গ্রেপ্তার কর হয়।

এরা হলো উল্লাপাড়ার চর ঘাটিনা গুচ্ছগ্রামের মোংলা চন্দ্র ভৌমিকের ছেলে কৃষ্ণ চন্দ্র ভৌমিক (৫০) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত চাঁদ উল্লাহর ছেলে বাঁধন (২৬)। 

উপ-পরিদর্শক আরও জানান, প্রথমে কৃষ্ণ চন্দ্রকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী শাহজাদপুরের কান্দাপাড়া গ্রামের অপর চোর বাধঁনের বাড়ি থেকে চোরাই ফ্রিজ ও প্রিন্টার এবং উল্লাপাড়ার কাওয়াক কবরস্থান থেকে উল্লিখিত অপর সামগ্রী উদ্ধার করা হয়।

ধৃত চোরদেরকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অপর দুই চোরকে পুলিশ এখন খুঁজছে।