পাষন্ড স্বামীর ছুরিকাঘাতে খাদিজা বেগম (২৭) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ি
গ্রামে। খাদিজা এই গ্রামের হাসান আলীর স্ত্রী।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনার রাতেই লাশ উদ্ধার করেছে। ঘটনার পরপরই স্বামী হাসান আলীসহ তার পরিবারের সবাই বাড়ি থেকে পালিয়ে গেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম নিহত খাদিজার প্রতিবেশীদের উদ্ধৃতি দিয়ে জানান, পারিবারিক বিষয় নিয়ে হাসান আলীর সঙ্গে মাঝে মাঝেই তার স্ত্রী খাদিজার ঝগড়া বিবাদ হত। ঘটনার রাত ৮টার দিকে স্বামী স্ত্রীর কথা কাটাকটির এক পর্যায়ে হাসান আলী খাদিজাকে উপর্যপুরী ছুুরিকাঘাত করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেবার পথে পার্শ্ববর্তী দাদপুর গ্রামের পাশে খাদিজা মারা যায়। খাদিজার পরিবারের লোকজন রাস্তাতেই তার লাশ ফেলে পালিয়ে যায়। পুলিশ শুক্রবার সকালে লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম আরো জানান, নিহত খাদিজার বাবার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। খাদিজার বাবার বাড়ি থেকে এ ব্যাপারে মামলা দেয়ার প্রস্তুতি চলছে।