২৯ অক্টোবর, ২০২৬

এমপি আজিজের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে, এআই দিয়ে বানানোর দাবি বিএনপির

এমপি আজিজের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে, এআই দিয়ে বানানোর দাবি বিএনপির

নাটোর-৪ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল আজিজের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে ভিডিও ছড়িয়ে পড়ার পর নানা ধরনের সমালোচনা শুরু হয়। ভিডিওটির সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে নাটোর জেলা বিএনপি।  

এদিকে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরির দাবি করেছে গুরুদাসপুর বিএনপি।

এরআগে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিলকে কুপিয়ে হত্যার মামলায় এমপি আবদুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে সোমবার আটকের পর  মঙ্গলবার বিকেলে গ্রেফতার দেখানো হয়। পরে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসব ঘটনায় এমপি ও তার পরিবারের লোকজন কোনঠাশা হয়ে পড়েন। ওই ঘটনার পরদিন আজ বুধবার সকালে এমপির একটি অশ্লীল ভিডিও সামনে আসে।

অশ্লীল ওই ভিডিওটি ভূয়া দাবি করে গুরুদাসপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বুধবার বিকেলে। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক  সম্পাদক মোহাম্মদ আলী লিখিত বক্তব্য পড়ে শোনান।

বক্তব্যে তিনি দাবি করেন, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। মূলত ব্যক্তিগতভাবে এমপির মান ক্ষুন্ন করতেই 'আশফাক আহমেদ' নামের একটি ফেসবুক আইডি থেকে ওই ভিডিওটি প্রথম প্রকাশ করা হয়।    ভিডিওতে এক নারীর কন্ঠও শোনা গেছে। মনহানিকর ওই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি করা হয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে তারা ওই ভিডিওটি ছড়ানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। 

তিনি বলেন, একইসঙ্গে ভূয়া ওই ভিডিওটি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সেসব ব্যক্তিদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রস্তুতিও নিচ্ছেন তারা। 

এসময় সাংবাদিক সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ৯ মিনিটের ওই ভিডিওতে দেখা যায় - উলঙ্গ শরীর নিয়ে এমপি আব্দুল আজিজ এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। ওই কথোপকথনের মধ্যে যৌন মিলন সংক্রান্ত স্পর্শকাতর অনেক বাক্য রয়েছে।

তবে এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল আজিজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, এমপি আজিজের নৈতিক স্খলন সংশ্লিষ্ট ভিডিওটি জেলা বিএনপির নজরে এসেছে। ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অশ্লীল ভিডিওর সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। আগামী শুক্রবার জেলা বিএনপির জরুরী সভা আহবান করা হয়েছে। আজিজের বিরুদ্ধে ছড়িয়ে পড়া ভিডিওটি যদি সঠিক হয় তবে শুক্রবার জেলা বিএনপি'র সভায় গঠণতান্ত্রিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে নিজের ভাতিজার স্ত্রীকে ধর্ষণের অভিযোগও করেন। তিনি বলেন, এমপির এমন নৈতিক স্খলন নিয়ে বিএনপি স্থানীয় ত্যাগী নেতারা অব্যাহতভাবে ফেসবুকে পোস্ট করছেন। দলের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। তার মতে ভিডিওটির সত্যতা নিশ্চিত করে এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি।

স্থানীয় যুবদল ও ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এমপির ছেলে মিন্টুকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে গতকাল মঙ্গলবার। এরপর মঙ্গলবার রাত দশটার দিকে গুরুদাসপুরের শহীদ শামসুজ্জোহা কলেজ মাঠে শাকিলের দ্বিতীয় জানাজা শেষে এমপির ছেলে মিন্টুর ঘনিষ্ঠ আমেরিকা প্রবাসী রাসেলের শপিং মল ভাঙচুরের পর লুটপাট করা হয়। এই ঘটনাতে থানায় কোনো মামলা হয়নি।